বাসস্টপে বদলের ছোঁয়া! মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা, বেআইনি পার্কিংয়ে ১ সেপ্টেম্বর থেকে ফাইন-বড় ঘোষণা অগ্নিমিত্রার

ছবি বিভাস লোধ, বিএস নিউজ এজেন্সি।

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: বদলে যেতে চলেছে রাজ্যের বাসস্টপের চিত্র। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এবার প্রতিটি বাসস্টপে মায়েদের কথা মাথায় রেখে আলাদা ব্যবস্থা থাকবে, যেখানে শিশুকে খাওয়ানো যাবে। পাশাপাশি থাকবে পানীয় জল, কোল্ড ড্রিঙ্কস ও হালকা খাবারের ভেন্ডিং মেশিন। প্রতিটি বাসস্টপে আলাদা করে সিসিটিভি নজরদারির ব্যবস্থাও থাকবে। এছাড়াও কোচবিহার ও মায়াপুরের মতো শহরগুলিকে নিয়ে পৃথক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, বাসস্টপ ও রাস্তায় থুতু ফেলা এবং বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে আগামী ১ সেপ্টেম্বর থেকে জরিমানা চালু হতে চলেছে বলেও জানান অগ্নিমিত্রা পাল।

অগ্নিমিত্রা পাল বলেন, মহিলাদের জন্য রাজ্যের সরকার কাজ করছে। রাজ্যে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীরা এগিয়ে আসছেন বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, জেন জি-র যে সদস্যরা চলে গিয়েছিলেন, তাঁরা ফিরছেন। আরও ফিরে আসার আবেদন জানিয়ে তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে তাঁরা ফিরে আসুন। বেঙ্গল এখন ফোকাস হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। যারা বেঙ্গলকে নিয়ে চিন্তা করছেন না, তাঁদের চিন্তা করার আহ্বান জানান অগ্নিমিত্রা। তাঁর দাবি, আগের পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং কোনও তোলাবাজি নেই। কেউ বেআইনিভাবে টাকা তোলার চেষ্টা করলে তিনি যে দলেরই হোন না কেন, ব্যবস্থা নেওয়া হবে। কলকাতার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অগ্নিমিত্রা বলেন, কেউ রাস্তায় নোংরা করলে ১ সেপ্টেম্বর থেকে ফাইন করা হবে। অ্যাপ নির্ভর পার্কিংয়ের ব্যবস্থা হবে বলেও জানান তিনি। শহরের হোর্ডিংগুলি দেখতে খারাপ লাগছে, সেগুলি সুন্দর করে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

বাসস্ট্যান্ডগুলির আধুনিকীকরণ করা হবে এবং ডিজিটাল ডিসপ্লে, চার্জিং সিস্টেম-সহ আধুনিক ব্যবস্থা রাখা হবে বলেও জানান অগ্নিমিত্রা। ট্যাংরা চায়না টাউন নতুন করে সেজে উঠবে বলেও মন্তব্য করেন তিনি। সুমিত রায় প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, তিনি একজন ক্রিমিনাল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক। তাঁর দাবি, এরা পশ্চিমবঙ্গকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে।
Tags