সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল. আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার প্রাক্কালে বড়সড় চমক দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশের ঠিক আগেই ঘাসফুল শিবিরে যোগ দিলেন একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, বিশিষ্ট শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা এবং মুহম্মদ আব্দুল মতিন। রাজ্য সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিক তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। অন্যদিকে, ঝাড়গ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তৃণমূলের ঝাণ্ডা ধরেন সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের ল' অফিসার মঙ্গল সরেন।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ভোটের লড়াই শুরুর আগেই বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের দলে টেনে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে তৃণমূল। বিশেষ করে জঙ্গলমহল ও শিক্ষা জগতের প্রতিনিধিদের যোগদান দলীয় রণকৌশলের অংশ বলেই মনে করা হচ্ছে। এদিন বিকেলের মধ্যেই ২৯৪টি আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাসফুল শিবিরের এই তালিকায় গতবারের মতোই একাধিক নতুন মুখ এবং বড় চমক থাকার সম্ভাবনা প্রবল।
ইতিমধ্যেই বিরোধী পক্ষগুলি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে প্রচারে নেমে পড়েছে। সিপিএম এখনও পর্যন্ত ১৯২টি আসনে এবং বিজেপি ১৪৪টি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। তবে রাজনৈতিক মহলের নজর কেড়েছে বিজেপির প্রার্থী তালিকা, যেখানে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম ও ভবানীপুর— এই দুটি হাই-প্রোফাইল কেন্দ্র থেকেই টিকিট দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের নির্বাচনী কেন্দ্র, অন্যদিকে গত নির্বাচনে নন্দীগ্রামের লড়াই ছিল গোটা দেশের আকর্ষণের কেন্দ্রে।