সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: পুলিশ সূত্রে জানা গেছে, গত গভীর রাতে বসিরহাট থানার শঙ্করপুর এলাকা থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তাকে তল্লাশি করে পুলিশ বস্তাভর্তি ১২৫০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত কাশির সিরাপের বাজারমূল্য এক লক্ষ টাকারও বেশি। সে এই বিপুল পরিমাণ কাশির সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পুলিশের সতর্কতার কারণেই এই নিষিদ্ধ দ্রব্য উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত পাচারকারীর নাম হাদিউর জামান সর্দার, সে মাটিয়া থানার জিংকা গ্রামের বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বারাসাত জেলা আদালতে হাজির করা হয়।