'ভ্যাপসা গরম' অতীত! শুক্রের ভোরেই ঝোড়ো ব্যাটিং কালবৈশাখীর! আজ ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

ছবি বিভাস লোধ, বিএস নিউজ এজেন্সি।

বিভাস লোধ, বিএস নিউজ এজেন্সি: গতকাল হাঁসফাঁস গরমে কার্যত সেদ্ধ হয়েছিল গোটা দক্ষিণবঙ্গ। ভ্যাপসা গরমে অস্বস্তি পৌঁছেছিল চরমে। তবে শুক্রবার সকাল হতেই সম্পূর্ণ বদলে গেল আবহাওয়া। ভোরের আলো ফুটতেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে শুরু তুমুল ঝড় ও মুষলধারে বৃষ্টি। এক ধাক্কায় কিছুটা হলেও স্বস্তি পেলেন দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সারাদিনই রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় ঝড়-বৃষ্টির এই দাপট জারি থাকবে।

কলকাতায় জারি হলুদ সতর্কতা: সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া

আজ সকালথেকেই কলকাতায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যে মহানগরীর একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভোররাত থেকেই ঝড়-বৃষ্টির তাণ্ডব হুগলি, মেদিনীপুর ও পুরুলিয়ায়

কলকাতায় সকালের দিকে বৃষ্টি নামলেও, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাণ্ডব শুরু হয়েছে ভোররাত থেকেই। হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় রাত ৩টে ১০ মিনিট থেকেই হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। এই তিন জেলায় কলকাতার চেয়েও বেশি ঝড়ের দাপট দেখা যাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। সেই সঙ্গে চলছে তীব্র বজ্রপাত। উপকূল ও সীমান্তবর্তী জেলাগুলিতে হাই-অ্যালার্ট

ঝড়-বৃষ্টির এই সিস্টেমটি উপকূলবর্তী ও সীমানা ঘেঁষা জেলাগুলির ওপরেও থাবা বসিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভোর ৫টার পর থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার জন্য হাই-অ্যালার্ট জারি করা হয়। সেখানেও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, প্রতিবেশী উত্তর ২৪ পরগনাতেও সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আজ হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Tags