ছবি বিএস নিউজ এজেন্সি।
সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। আওয়ামী লিগের (Awami Leauge) তরফেও অভিনন্দন জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। শুক্রবারই হাসিনা এবং তাঁর দল আওয়ামী লিগ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে (West Bengal Election 2026) বিপুল জয়ের জন্য বিজেপি এবং আলাদা করে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছিল। শনিবার সকালে তিনি শপথ নেওয়ার পর ফের শুভকামনা জানিয়ে বার্তা দিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লিগ।
দলের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জননেতা শুভেন্দু অধিকারীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লিগ।
প্রেস বিজ্ঞপ্তি
৯ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন
শেখ হাসিনা তাঁর শুভেচ্ছা বার্তায় বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিপুল বিজয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি শুভেন্দু অধিকারীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।
পশ্চিমবঙ্গের জনগণের এই রায় শুভেন্দু অধিকারীর বলিষ্ঠ ও জনমুখী নেতৃত্বের প্রতি তাঁদের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অকৃত্রিম বন্ধুত্বের ইতিহাসে পশ্চিমবঙ্গের ভূমিকা অনন্য। আমাদের অভিন্ন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যগত যে নাড়ির বন্ধন রয়েছে, আমি বিশ্বাস করি তাঁর নেতৃত্বে সেই সম্পর্ক আগামীতে এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
প্রতিবেশী হিসেবে আমরা সবসময়ই পশ্চিমবঙ্গের সমৃদ্ধি ও শান্তি কামনা করি। আমি আশা করি, আমাদের মধ্যকার পারস্পরিক সহযোগিতার যে সুদীর্ঘ পরম্পরা রয়েছে, তা শ্রী শুভেন্দু অধিকারীর মেয়াদে আরও বেগবান হবে এবং দুই বাংলার মানুষের অভিন্ন উন্নয়ন ও কল্যাণে আমরা একে অপরের সহযোগী হয়ে কাজ করে যাব।
হাসিনা আরও বলেছেন আমি শুভেন্দু অধিকারী ও পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মন্ত্রিসভার সকলের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং পশ্চিমবঙ্গের সকল নাগরিকের জন্য নিরন্তর শুভকামনা রইল।
এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ আওয়ামী লিগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে বলা হয়, পশ্চিমবঙ্গের জনগণের রায় শুভেন্দু অধিকারীর বলিষ্ঠ নেতৃত্বের প্রতি এক অনন্য স্বীকৃতি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে যে অভিন্ন ইতিহাস, ভাষা ও সংস্কৃতির নাড়ির বন্ধন বিদ্যমান, তার এই নতুন যাত্রায় সেই সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধুত্ব ও সহযোগিতার ইতিহাস রয়েছে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের মেয়াদে এই দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক উন্নয়নের ধারা আরও বেগবান হবে।
বাংলাদেশ আওয়ামী লিগ শুভেন্দু অধিকারী ও মন্ত্রিসভার সকলের সাফল্য, সুস্বাস্থ্য এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের উত্তরোত্তর শান্তি ও সমৃদ্ধি কামনা করছে।
তাৎপর্যপূর্ণ হলো, এই বিবৃতি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লিগের ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত দলের সদর দফতরের দপ্তর সেলের নামে।