বড় ধাক্কা খেলেন হুমায়ূন! ভোটের আগেই হাত ছাড়লেন ওয়াইসি.

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন আম জনতা উন্নয়ন দলের প্রধান হুমায়ূন কবীর। হুমায়ূন কবীরের দলের সঙ্গে জোট ভাঙার ঘোষণা দিলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি জানিয়েছেন যে, তাঁর দল বাংলায় একাই নির্বাচনে লড়বে। দলটি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘোষণা দেয়। রাজ্যে বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের প্রকাশিত স্টিং অপারেশন ঘিরে বর্তমানে তোলপাড় রাজ্য। যে বাবরি মসজিদ তৈরির দাবী ঘিরে দিনের পর দিন হুমায়ুন কবীর শিরোনামে থেকেছেন, তা নিয়েই তৃণমূলের প্রকাশিত ভিডিওতে শোেনা গিয়েছে মারাত্মক কথা। সেই অভিযোেগ মিথ্যে দাবী করার পরও বড় ধাক্কা খেলেন হুমায়ুন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটার পরেরদিনই জোট ভাঙার সিদ্ধান্তের কথা জানালেন ওয়াইসি।
শুক্রবার এক্স পোস্টে মিম জানিয়েছে, "হুমায়ুন কবিরের প্রকাশ করা তথ্যগুলো দেখিয়ে দিয়েছে যে বাংলার মুসলমানরা কতটা অসহায় অবস্থায় আছেন। এআইএমআইএম এমন কোনও বক্তব্যের সঙ্গে যুক্ত হতে পারে না, যেখানে মুসলমানদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হয়। আজ থেকে এআইএমআইএম, কবীরের দলের সঙ্গে তাদের জোট প্রত্যাহার করে নিয়েছে।" পোস্টে আরও লেখা, "বাংলার মুসলমানরা অন্যতম দরিদ্র, অবহেলিত এবং নিপীড়িত একটি জনগোষ্ঠী। কয়েক দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসন থাকা সত্ত্বেও তাদের জন্য কিছুই করা হয়নি। যেকোনও রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে এআইএমআইএম-এর নীতি হল, প্রান্তিক জনগোষ্ঠী যেন একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর পায়। আমরা বাংলার নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ভবিষ্যতে কোনও দলের সঙ্গে আমাদের কোনও জোট থাকবে না।'

Tags