লিভ-ইন যুগলদের জন্য সুখবর! ২০২৭-এর সেন্সাসে মিলতে চলেছে বিশেষ মর্যাদা।

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: ২০২৭ সালের জনগণনাকে ঘিরে গুরুত্বপূর্ণ একটি আপডেট সামনে এসেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, যেসব যুগল লিভ-ইন সম্পর্কে থাকেন এবং নিজেদের সম্পর্ককে একটি স্থায়ী বন্ধন হিসেবে মনে করেন, তাঁদেরও বিবাহিত দম্পতি হিসেবে গণ্য করা হবে। জনগণনার ওয়েবসাইটের FAQ অংশে এই বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে-যদি কোনো দম্পতি তাঁদের সম্পর্ককে স্থিতিশীল বলে মনে করেন, তবে তাঁদের বিবাহিত হিসেবেই ধরা হবে। ২০২৭ সালের জনগণনা দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে বাড়ি তালিকা ও হাউজিং সেন্সাসের কাজ করা হবে। এই পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে, যা ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ৩০ দিনের জন্য পরিচালিত হবে-প্রতিটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নিজেদের সুবিধামতো সময় নির্ধারণ করবে। এই প্রথম ধাপে বাড়ির অবস্থা, পরিবারের বিবরণ, পানীয় জল, শৌচালয়, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সুবিধা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি পরিবারের কাছে থাকা সম্পত্তি যেমন-রেডিও, টিভি, কম্পিউটার, দুই চাকার বা চার চাকার গাড়ি ইত্যাদির তথ্যও নেওয়া হবে।
দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে জনসংখ্যা গণনা শুরু হবে। তবে লাদাখ, জম্মু ও কাশ্মীরের তুষারাবৃত অঞ্চল, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে এই কাজ ২০২৬ সালের সেপ্টেম্বরেই করা হবে। এই পর্যায়ে ব্যক্তির সংখ্যা, নাম, বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, জাতি, ধর্ম, শিক্ষা, ভাষা, প্রতিবন্ধকতা, পেশা, স্থানান্তর এবং বিবাহিত নারীদের ক্ষেত্রে প্রজনন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।
এবারের জনগণনায় একটি নতুন সুবিধাও যুক্ত হয়েছে-সেলফ এনিউমারেশন বা নিজে তথ্য দেওয়ার সুযোগ। প্রচলিত পদ্ধতিতে যেখানে গণনাকারী বাড়িতে এসে তথ্য সংগ্রহ করেন, তার পাশাপাশি এবার নাগরিকরা নিজেরাই একটি ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্য পূরণ করতে পারবেন। পরে একজন গণনাকারী এসে সেই তথ্য যাচাই করবেন।
তবে সব ধরনের পরিবার এই সুবিধা পাবে না। শুধুমাত্র 'নরমাল হাউসহোল্ড' বা স্বাভাবিক পরিবারই সেলফ এনিউমারেশন করতে পারবে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, যে পরিবারে সদস্যরা একসঙ্গে থাকেন এবং সাধারণত একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, তাকেই নরমাল হাউসহোল্ড বলা হয়। তারা আত্মীয় বা অনাত্মীয়-দু'ধরনেরই হতে পারেন।
সেলফ এনিউমারেশন শুধুমাত্র প্রথম ধাপেই করা যাবে। এই সময় পোর্টালটি সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে হাউজ লিস্টিং শুরু হওয়ার আগে ১৫ দিনের জন্য খোলা থাকবে, যাতে নাগরিকরা সুবিধামতো নিজের তথ্য জমা দিতে পারেন।
Tags