ইউআইডিএআই-এর মুখ্য নির্বাহী আধিকারিক আসানসোল আধার সেবা কেন্দ্র পরিদর্শন করলেন

পশ্চিমবঙ্গে আধার পরিষেবার পরিধি বাড়ানোর ঘোষণা

সঞ্চিতা চ্যাটার্জী, বিএস নিউজ এজেন্সি, পিআইবি, কলকাতা: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই-এর মুখ্য নির্বাহী আধিকারিক শ্রী ভুবনেশ কুমার আজ আসানসোলে অবস্থিত আধার সেবা কেন্দ্রটি পরিদর্শন করেন। এই কেন্দ্রটি সরাসরি ইউআইডিএআই-এর তত্ত্বাবধানে এবং ‘প্রোটিয়ান ই-গভ টেকনোলজিস লিমিটেড’-এর মাধ্যমে পরিচালিত হয়। এখানে সব বয়সের নাগরিকদের আধার নথিভুক্তকরণের পাশাপাশি, সব ধরনের আধার পরিষেবা পাওয়া যায়।

পরিদর্শনকালে শ্রী কুমার কেন্দ্রের সামগ্রিক কাজকর্ম খতিয়ে দেখেন এবং সাধারণ মানুষকে দেওয়া আধার পরিষেবাগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। আধার নথিভুক্তি প্রক্রিয়া, শিশুদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট, ব্যক্তিগত তথ্য সংশোধন এবং মোবাইল নম্বর ও ইমেল আপডেটের পদ্ধতিগুলি তিনি নিজে পর্যবেক্ষণ করেন।

কর্মদক্ষতা বৃদ্ধি, ভিড় সামলানো, পরিকাঠামোগত সুবিধা এবং সরকারি নির্দেশিকা যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা নিয়ে তিনি কর্মকর্তা ও অপারেটরদের সঙ্গে আলোচনা করেন। এছাড়াও, পরিষেবার মান, স্বচ্ছতা এবং সঠিক সময়ে কাজ হচ্ছে কি না, সে বিষয়েও কেন্দ্রে উপস্থিত নাগরিকদের মতামত গ্রহণ করেন। জনগণের সমস্যাগুলি যাতে দ্রুত এবং কার্যকরভাবে সমাধান করা হয়, সেজন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।

এই সফরকালে পশ্চিমবঙ্গে আধার পরিষেবার সম্প্রসারণের কথা জানানো হয়। আগে রাজ্যের আটটি জেলায় আটটি আধার সেবা কেন্দ্রে ৭২টি নথিভুক্তি কিট (AEK) চালু ছিল। এখন পর্যায়ক্রমে রাজ্যের ২১টি জেলায় কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ২২টি করা হচ্ছে এবং মোট ১৮১টি কিটের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ তাঁদের বাড়ির কাছেই আরও সহজে আধার সংক্রান্ত সমস্ত সুযোগ-সুবিধা পাবেন।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন ইউআইডিএআই-এর রাঁচি আঞ্চলিক কার্যালয়ের উপ-মহানির্দেশক শ্রী অখিলেশ কুমার গুপ্ত, কলকাতা রাজ্য কার্যালয়ের নির্দেশক শ্রী শুভদীপ চৌধুরী, রাঁচি আঞ্চলিক কার্যালয়ের নির্দেশক শ্রী নীরজ কুমার এবং প্রোটিয়ান ই-গভ টেকনোলজিস লিমিটেডের পক্ষ থেকে শ্রী শ্রীজিৎ নায়ার ও শ্রী অপূর্ব চৌধুরী।

ইউআইডিএআই-এর পক্ষ থেকে তথ্যের নিরাপত্তা, গোপনীয়তা রক্ষা এবং কার্যপ্রণালী যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের জন্য নিরাপদ, সহজলভ্য এবং জনমুখী আধার পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিদর্শন পশ্চিমবঙ্গে আধারের পরিকাঠামো শক্তিশালী করার এবং তৃণমূল স্তরে স্বচ্ছ ও উন্নত মানের পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Tags