সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি, হাওড়া: হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার অন্তর্গত কাশমালি গ্রাম পঞ্চায়েতের পারবক্সিতে রাজ্যস্তরের সমাজসেবী সংস্থা চিরাবিনের মাঠে প্রশিক্ষণ দিচ্ছেন বিশিষ্ট ফুটবল প্রশিক্ষক তমাল চ্যাটার্জি। স্পেশাল অলিম্পিকস ভারত এবং রাজ্যস্তরের সমাজসেবী সংস্থা চিরাবিনের উদ্যোগে পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েদের আবাসিক হোমের মেয়েরা আন্তর্জাতিক ফুটবলের জন্য তাদের প্রথম জাতীয় স্তরের প্রশিক্ষণে অংশ নিতে চলেছে, আমাদের প্রতিনিধিকে এমনটাই জানিয়েছেন হোমের সুপারিনটেনডেন্ট শ্রাবন্তী সিনহা। অশোক চাকি জানিয়েছেন, আগামী ২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মধ্যপ্রদেশের গোয়ালিয়রের সিডিএসএ-তে একটি দশ দিনের ফুটবল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। চিরাবিনের মেয়েরা ইতিমধ্যেই আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন খেলায় খ্যাতি অর্জন করে দেশ-বিদেশে দেশের সম্মান বয়ে এনেছে। সাধারণ সম্পাদক তন্ময় সাউ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, চিরাবিনের কর্মীরা অবিরাম ও ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য দিনরাত কাজ করে চলেছেন। বিশিষ্ট স্বরচিত কবি উত্তম পাল, পশ্চিমবঙ্গ সাইকেল ট্যুরিস্ট অ্যাসোসিয়েশনের দলনেতা সৌরভ রায়, সমাজকর্মী ও শারীরিক শিক্ষার শিক্ষক সিরাজাম মনিরা, নিম্ন দামোদর বন্যা প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক সনৎ মাল এবং শেখ রফিকুল ওয়াহেদ মোহাম্মদ শহিদুল হক সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তি তাদের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই অসাধারণ উদ্যোগ ও দীর্ঘদিনের পথচলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।